মেয়ে-এপিএসসহ আমির হোসেন আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং তার মেয়ে সুমাইয়া হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে আমুর এপিএস ফকরুল মজিদ মাহমুদ কিরণ ও স্ত্রী রাফেজা মজিদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেয়। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আমুর বিরুদ্ধে নিয়োগবাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টি আর/কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাঁচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান পরিচালনার জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন, এপিএস ফকরুল মজিদ মাহমুদ কিরণ এবং তার স্ত্রী রাফেজা মজিদ দেশ ছাড়তে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিতকরণ প্রয়োজন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন গত ৭ নভেম্বর তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights