মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ভয়াবহ আকারে জ্যামাইকায় আঘাত হেনেছে। ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি–৫ মাত্রার এই ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় সেন্ট এলিজাবেথ প্যারিশ উপকূলে প্রবেশ করে এবং উত্তর দিকের সেন্ট অ্যান প্যারিশ হয়ে দেশটির ওপর দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছে জ্যামাইকার আবহাওয়া দপ্তর।

ঝড়ে এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকায় ৩ জন, হাইতিতে ৩ জন এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে ১ জন। এছাড়া আরো একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেলিসা জ্যামাইকায় ‘বিপর্যয়কর’ বন্যা, ভূমিধস ও ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রেড ক্রস জানিয়েছে, ঝড়ের প্রভাবে অন্তত ১৫ লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, মেলিসা ২৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। এতে উপকূলীয় অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চলের যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে

জ্যামাইকার সরকার জানায়, ঝড়ে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল চালু করা হয়েছে।

কিউবার দিকে ধেয়ে যাচ্ছে মেলিসা

এদিকে প্রতিবেশী কিউবাতেও মেলিসার প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে বিপৎসংকেত জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভোর নাগাদ ঝড়টি কিউবার ভূমিতে আঘাত হানতে পারে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অতিপ্রবল শক্তি অর্জন করেছে।
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু জ্যামাইকার জন্য নয়, বরং পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য এক বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights