মেহেন্দিগঞ্জে ৫৭ বস্তা চাল চুরি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৭ বস্তা চাল চুরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, চালের বস্তাগুলো মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিন উলানিয়া ইউপির আশা গ্রামের ৫২৪ জন কার্ডধারীর জন্য ৩০ কেজি করে বরাদ্দকৃত ১৫ টন ৭২০ কেজি চাল মঙ্গলবার সকালে উত্তোলন করেন ডিলার গনি বয়াতি। পরে ওই চাল আশা গ্রামের কেসিনি কিন্ডারগার্টেনে নিয়ে এসে ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করেন। কার্ডধারী ৪৬৬ জন তাদের চাল নিয়ে গেছে। কিন্তু ৫৭ জন উপস্থিত হননি। তাদের জন্য বরাদ্দকৃত ৫৭ বস্তা চাল কিন্ডারগার্টেনে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। বুধবার সকালে গিয়ে ওই কক্ষের দরজার তালা ও চৌকাঠ ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। এসময় ভিতরে গিয়ে দেখা গেছে চালের বস্তাগুলো নেই।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডিলার আব্দুল গনি বয়াতি বলেন, রাতের আধারে কে বা কারা ৫৭ বস্তাসহ চাল নিয়ে গেছে। সকালে চাল বিতরণ করতে এসে দেখতে পেয়ে তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও থানা পুলিশকে জানিয়েছি।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হালিম চৌধুরী মিলন ও ট্যাগ অফিসার পূর্ব হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহের তালুকদার জানান, বিষয়টি ডিলারের মাধ্যমে তারা শুনেছেন। এ বিষয়ে নিয়মানুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কার্ডধারীদের চালের ব্যবস্থাও করা হবে।
