মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের ককটেল হামলা

পাবনা প্রতিনিধি

বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলায় নিক্ষেপ করা ককটেল ও ইট পাটকেলে জানালার ট্রেনের গ্লাস ভেঙে যায়। ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল জব্দ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ জনের একদল যুবক লোকোমোটিভ শেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল, পাথর ও ইট ছুঁড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে লোকোশেড অতিক্রম করে। এ সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে জানালার দুইটি গ্লাস ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাবউদ্দীন ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। ঈশ্বরদী জংশনসহ রেলপথের নিরপত্তায় টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনী।

এদিকে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঈশ^রদীর আওয়ামীলীগ নেতাকর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের পার্শ্ববর্তী নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

তিনি বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরপত্তা দিতে আমরা নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছি। কিন্তু আন্দোলনের নামে তারা চোরাগোপ্তা হামলা করে আগুনে পুড়িয়ে, বোমা মেরে সাধারণ মানুষকে হত্যার চেষ্টা করছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights