মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন ১৫ সেপ্টেম্বর
মোংলা প্রতিনিধি
দীর্ঘ পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ আগস্ট) বিকালে সিবিএ কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সোহাগ, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, বিএনপি নেতা আ. রাজ্জাক, সিবিএর সাবেক নেতা জামাল উদ্দিন চৌধুরী জাহিদ, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দীন টুটুল ও বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট খসড়া ভোটার তালিকার আপত্তি দাখিল এবং ২৭ আগস্ট আপত্তির শুনানি ও নিষ্পত্তি করা হবে। এরপর ৩০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৩১ আগস্ট মনোনয়নপত্র বিক্রি এবং ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ এবং ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। ৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ শেষে ৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা। ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন কমিটি কর্মচারীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের কর্মপরিবেশ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
