মোংলায় ভ্যানের ধাক্কা লাগায় চালককে হত্যা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় এক মাদকাসক্তের ঘুসিতে আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার মামার ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আল আমিন (৪৫) উপজেলার মালগাজী গ্রামের সবুর মিয়ার ছেলে। সে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

এদিকে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহরে ভ্যান রিক্সা চলাচল অবরোধ করা হলে মোংলা থানায় ওসি মোহাম্মদ শামসুদ্দীন আসামিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানায় ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার গায়ে ধাক্কা লাগে। এসময় সে ভ্যান চালকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়া কিল ঘুষি মারতে থাকে। পরে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা হাসপাতালে নিয়ে গিয়ে সটকে পড়ে। ভ্যান চালককে হত্যাকারীকে শনাক্ত করা গেছে। সে মোংলা স্থায়ী-অস্থায়ী বন্দর নদী পারাপার সমিতির সভাপতি শহিদুল ভূইয়ার ছেলে মো. হেলাল ভূইয়া (২৪)। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রকাশ কুমার দাশ বলেন, হাসপাতালে আনার আগেই ভ্যানচালক আল আমিন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights