মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় মো. জামাল শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক রায়হান আহত হয়। শনিবার দুপুর দেড়টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পুরাতন ফেরীঘাট এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল শেখ উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত শেখ আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটর সাইকেল। এতে আরোহী জামাল শেখ ঘটনাস্থলে মারা যান। নিহত জামাল উপজেলার বালাশুরে বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোষাক বিক্রেতা। সে দুই সন্তানের জনক। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে গেছে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বিষয়টি আমরা জানি না।
