মোটরসাইকেলের চেসিসে মিলল সাড়ে ৭ কেজি স্বর্ণ, আটক ২

অনলাইন ডেস্ক
সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে মোটরসাইকেলের চেসিস থেকে সাড়ে ৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জেলার সদর উপজেলার মো. তুহিন (২০) ও মো. সজিব হোসেন (২২) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার সকালে উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী সরদারপাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারকালে দুই মোটরসাইকেলচালককে আটক করা হয়। এসময় মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চোরাকারবারিরা স্বর্ণের বারগুলো কৌশলে মোটরসাইকেলের চেসিস পাইপের ভেতরে বহন করছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম, যার মূল্য ছয় কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা। আটকদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights