মোহাম্মদপুরে বিএনপি অফিস ভাঙচুর; মামলা হলেও গ্রেফতার নেই

অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে গত দুই দিনে বিএনপি অফিস ভাঙচুর ও থানা এলাকায় সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয় নাই।

গত ২৮ জুলাই রাতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের বি-ব্লকের ১১৭ নম্বর ভবনের নিচতলায় স্থানীয় বিএনপি অফিসে মাদক কারবারিরা ভাঙচুর চালায়। এ ঘটনায় মো. আজম নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন।

তার অভিযোগ, ছয়-সাতজন তার অফিসের দেয়ালে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি ভাঙচুর করে। ওই সময় তিনি চিৎকার দিলে বশির নামের একজন ঘটনাস্থল এসে তাকে রক্ষা করেন। এসময় একজন বশিরের কপালে সজোরে আঘাত করে। হামলাকারীরা তাকে অফিস সরিয়ে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

স্থানীয় লোকজন বলছে, বিহারি ক্যাম্প বিএনপি অফিসে হামলার ঘটনায় স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসী উল্টা সালাম, ইমতিয়াজ, ন্যাটা সালাম, ইরফান, সামিরসহ ১০-১২ জন জড়িত।

অন্যদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার (১ আগস্ট) মামলা করেছেন ফারজানা কবির শান্ত। মামলায় ফুচকা দোকানি মুন্নাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা ও অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, একটি ফুচকার দোকানে ভ্যানের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের দুজন করে মোট চারজন আহত হয়েছে। এক পক্ষ মামলা করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি তদন্তাধীন।

বিএনপি অফিসে হামলার বিষয়ে ওসি মেজবাহ উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights