মৌসুমের শুরুতেই বরখাস্ত টেন হাগ, লেভারকুজেন অধ্যায়ের অবসান

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম ঠিকভাবে শুরুই হয়নি, এরই মধ্যে চাকরি হারালেন এরিক টেন হাগ। মাত্র দুই ম্যাচ পর বুন্দেসলিগা ক্লাব বায়ার লেভারকুজেন থেকে বরখাস্ত করা হয়েছে ডাচ কোচকে।

লেভারকুজেনের হয়ে তার শেষ ম্যাচ হয়ে থাকল ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র। মাত্র তিন মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন টেন হাগ। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর এটাই ছিল তার নতুন শুরু। কিন্তু সেই পথও থেমে গেল খুব দ্রুত।

এক বিবৃতিতে লেভারকুজেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রোলফেস বলেন, “সিদ্ধান্তটা সহজ ছিল না। আমরা এমন কিছু চাইনি। তবে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে, তাতে বোঝা গেছে নতুন ও সফল দল গঠনের যে পরিকল্পনা ছিল, তা কার্যকর হয়নি।”

গত মৌসুম শেষে ক্লাব ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা জেতানো জাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে যান, তখনই তার জায়গায় গত ২৬ মে টেন হাগকে দায়িত্ব দেয় লেভারকুজেন। বড় প্রত্যাশা নিয়েই আনা হয়েছিল ৫৫ বছর বয়সী এই কোচকে। তবে মাঠের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় তাকে বিদায় জানাতে দেরি করেনি ক্লাব।

কে হবেন লেভারকুজেনের পরবর্তী কোচ, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তারা।

নতুন মৌসুমে কোচ বরখাস্তের তালিকায় এরিক টেন হাগ আছেন তিন নম্বরে। এর আগে চাকরি হারিয়েছেন ফেনারবাহচের কোচ জোসে মরিনহো এবং বেসিকতাসের সাবেক কোচ ওলে গুনার সুলশার দুজনই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights