ম্যাককালাম-স্টোকসের ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করতে চান ফ্লেমিং
অনলাইন ডেস্ক
টেস্ট দলের দায়িত্ব নিয়েই নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাওয়া প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইংল্যান্ডের টেস্টের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি দলের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার পাশাপাশি ব্রেন্ডন ম্যাককালাম ও সাবেক অধিনায়ক বেন স্টোকসের ভিত্তির ওপর দাঁড়িয়েই দলকে এগিয়ে নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।
নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ হিসেবে অভিহিত করেছেন এবং দায়িত্ব পেয়ে তিনি ‘অত্যন্ত উচ্ছ্বসিত’ ও ‘সম্মানিত বোধ করছেন’ বলে জানিয়েছেন।
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারের পর ম্যাককালাম দায়িত্ব ছাড়েন। এর আগে অ্যাশেজ সিরিজেও দল হতাশাজনক পারফরম্যান্স করেছিল। ওই সিরিজের পরপরই স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর জো রুটকে পুনরায় টেস্ট অধিনায়ক করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন সিরিজের পর ফ্লেমিং দলের দায়িত্ব গ্রহণ করবেন।
এই মুহূর্তে ফ্লেমিং পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে অবস্থান করছেন, তাই ওই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক। ফ্লেমিং বলেন, ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদে নিযুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
তিনি বলেন, আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করার এবং ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের রেখে যাওয়া সাফল্যগুলোকে আরও সুসংহত করার অপেক্ষায় আছি। অবশ্যই, লক্ষ্যটা সবসময়ই জয়লাভ করা। তবে একই সঙ্গে মধ্য ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য দলটিকে সঠিক অবস্থানে রাখাটাও জরুরি। দলে ও এর আশেপাশে অনেক তরুণ প্রতিভা রয়েছে এবং আমাদের লক্ষ্য হলো তাদের বিশ্বমানের ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে সহায়তা করা।
ফ্লেমিং বিশেষ প্রশংসা করেছেন রুটের, যিনি এর আগে ৬৫টি ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্ব দেওয়ার পর এবার পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদে ফিরছেন। তিনি বলেন, অধিনায়ক হিসেবে জো রুটের সঙ্গে কাজ করার জন্য আমি বিশেষভাবে উন্মুখ। তিনি এমন এক অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় যিনি ইতোমধ্যেই অনেক কিছু অর্জন করেছেন। তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে; আমি তাকে সহায়তা করতে আগ্রহী যাতে তিনি এই ভূমিকাটি উপভোগ করতে পারেন এবং সফল হতে পারেন। বিশেষ করে যখন তার আগের মেয়াদের তুলনায় বর্তমান প্রেক্ষাপটটি ভিন্ন।
তিনি ইংল্যান্ডের ভবিষ্যতে হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করে বলেন, সব ফরম্যাটে খেলা এই তারকার ব্যাটার ও নেতা উভয় হিসেবেই বিকাশ ঘটানোটা তাদের প্রধান লক্ষ্যগুলোর একটি হবে। হ্যারি ব্রুকের সঙ্গে কাজ নিয়েও আমি উচ্ছ্বসিত। সেরা খেলোয়াড়রাও কখনোই পুরোপুরি ‘সম্পূর্ণ’ বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান না; তাই হ্যারির অসাধারণ প্রতিভা ও নেতৃত্বের গুণাবলীকে আরও বিকশিত করতে সহায়তা করাটা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে।
ইংল্যান্ড বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে এবং গত ১৪ মাসে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি; এমনকি তাদের শেষ ১৩টি ম্যাচের মধ্যে আটটিতেই তারা হেরেছে। তবে ফ্লেমিং বিশ্বাস করেন, নেতৃত্বের অভিজ্ঞতা এবং খেলার প্রতি নিজের হারানো আবেগ ফিরে পাওয়ার অভিজ্ঞতা তার রয়েছে, তা দলকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে সহায়তা করবে।
তিনি বলেন, নেতৃত্ব এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাপ যে কতটা ভারী হতে পারে, তা আমার জানা আছে। আমার ক্ষেত্রে যখন এমনটা ঘটেছিল, তখন ‘নটস (নটিংহ্যামশায়ার)-এর হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতার মাধ্যমেই খেলার প্রতি আমার ভালোবাসা নতুন করে জেগে উঠেছিল। ইংলিশ ক্রিকেট আমাকে সেই সুযোগ দিয়েছিল, আর এখন বিনিময়ে কিছু করার সুযোগ পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।
