মৎস্য সম্পদের সুরক্ষায় সাগরে মাছ ধরা বন্ধে সচেতনতামূলক সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি
দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও বংশ বিস্তারের লক্ষ্যে বঙ্গোপসাগরে ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ রাখা সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লক্ষ্মীপুরের রামগতি শেখ রাসেল মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, চরগাজী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন, মৎস্য অবতরণ কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ করা বন্ধ রাখা হয়েছে। সামুদ্রিক মাছের প্রধান প্রজননকালে এ সময়ে সাগরে মাছ ধরা বন্ধ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বৃদ্ধি করা। এসময় সব বাণিজ্যিক মৎস্য ট্রলারের সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে। যান্ত্রিক ও আর্টিসানাল মৎস্য নৌযান ঘাটে বাঁধা থাকবে। নিষেধাজ্ঞাকালীন সাগরে মাছ আহরণ করা থেকে বিরত রাখতে সরকার জেলেদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকেন।
এর আগে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বয়ারচরের জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রের আশপাশের এলাকা পরিদর্শন করেন অতিথিরা।
