যবিপ্রবিতে মাসব্যাপী সচেতনতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাসব্যাপী প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে বুধবার মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী পর্বে বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, কর্মসূচির আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করার এ উদ্যোগ সময়োপযোগী।
আয়োজকরা জানান, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি ও জাস্ট-মাইক্রোবায়োলজি ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচির আওতায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সচেতনতা ক্যাম্পেইন এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর অণুজীব দিবস উপলক্ষে শোভাযাত্রা ও প্রদর্শনী, ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় জাতীয় সম্মেলন এবং ২৭-৩০ সেপ্টেম্বর জিনোম সেন্টারের সহযোগিতায় অ্যাডভান্সড মাইক্রোস্কপি ও মলিকুলার টেকনিকস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights