যশোর জেনারেল হাসপাতালে সিসিইউ চালুর জন্য ৩৩ পদ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর জন্য ৩৩টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ২০টি স্থায়ী ক্যাডার পদ, বাকি ১৩টি বছরভিত্তিক সংরক্ষিত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তফা মনোয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু করা ছিল তার নির্বাচনী অঙ্গীকার।
অনুমোদিত পদের মধ্যে রয়েছে সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি ও অ্যানেস্থেশিয়া), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি ও অ্যানেস্থেশিয়া), অ্যানেসথেটিস্ট, সহকারী রেজিস্ট্রার, ১২ জন মেডিকেল অফিসারসহ নার্সিং সুপারভাইজার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, পরিসংখ্যান কর্মকর্তা, স্টোরকিপার ও কম্পিউটার অপারেটরের পদ।
২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও মন্ত্রী তরিকুল ইসলামের প্রচেষ্টায় সিসিইউ ভবন নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয় হলেও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক উদাসীনতায় তা চালু হয়নি। কোটি কোটি টাকার মেডিকেল সরঞ্জাম প্যাকেটবন্দি অবস্থাতেই নষ্ট হয়ে যায়।
যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. ফারুক এহতেশাম পরাগ বলেন, যশোরবাসী দীর্ঘদিন ধরে কেবল বাইরে থেকে সিসিইউ বিল্ডিং দেখেছে, কোনো সার্ভিস পায়নি। এখন এটা অবশ্যই বড় ধরনের সুখবর। আমরা আজ এ নিয়ে বৈঠক করেছি। এনজিওগ্রাম মেশিন বসাতে রুম খালি করার কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী চলতি বছরের মধ্যেই সেবা চালুর জন্য পরিশ্রম করে চলেছেন। এর মাধ্যমে শুধু যশোরবাসীই নয়, আশপাশের জেলার মানুষও উপকৃত হবেন বলে জানান তিনি।
