যশোরে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল রেলপথের ধোপাখোলায় ট্রেনে কেটে চাচা আমিরুল ইসলাম (৫৫) ও তার ভাতিজা দেড় বছর বয়সী মোহাম্মদ ইউসুফ নিহত হয়েছে।

নিহত আমিরুল ইসলাম ধোপাখোলা গ্রামের মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে। আর শিশু মোহাম্মদ ইউসুফ একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মইনুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে আমিরুল ইসলাম তার দেড় বছর বয়সী ভাতিজা ইউসুফকে নিয়ে শামুক কুড়াতে যায়। শিশু ইউসুফকে ধোপাখোলা রেল ব্রিজের ওপর বসিয়ে পাশের জলাশয়ে নামেন তিনি। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। আমিরুল ট্রেন আসতে দেখে ছুটে গিয়ে ইউসুফকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় ইউসুফ ব্রিজের ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং আমিরুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সাথে সাথে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিশু ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ইউসুফের মৃত্যু হয়।
যশোর রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশু ইউসুফের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে এবং আমিরুলের মরদেহ ঘটনাস্থলে আছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights