যশোরে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগে মো. গোলাম রসুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুল যশোর সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়ার মৃত শামসের বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালে বিয়ের পর থেকেই গোলাম রসুল স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিলেন। একপর্যায়ে তিনি ৩ লাখ টাকা দাবি করেন এবং তা না পেয়ে স্ত্রীকে মারধর করে গলা চেপে হত্যার চেষ্টা করেন। পরে গোলাম রসুলের স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। গত ৭ আগস্ট গোলাম রসুল শ্বশুরবাড়িতে গিয়েও যৌতুক না পেলে সংসার না করার ও অন্যত্র বিয়ের হুমকি দেন বলে অভিযোগ।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে, যেখানে গোলাম রসুলের সাথে ইলিয়াস হোসেন নামে আরও একজনকে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সপক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় পুলিশ আসামির জামিনের বিরোধিতা করে কারাগারে রাখার জন্য আদালতে আবেদন করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights