যশোরের গদখালিতে রেলস্টেশনের জন্য মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রেলস্টেশন চালু এবং কাঁচা ফুল ও সবজি পরিবহনের জন্য আলাদা বগির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফুল চাষীরা।

রবিবার দুপুর দেড়টার দিকে যশোর-বেনাপোল রেল রুটের গদখালিতে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন বেনাপোল এক্সপ্রেসকে কিছু সময়ের জন্য আটকে দেন ফুলচাষীরা। এসময় তাদের দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে ট্রেনটির সামনে বিক্ষোভ করেন।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি ও যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গদখালীর ফুলচাষী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যশোর ফুল উৎপাদক ও বিপন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের মোট চাহিদার প্রায় ৭০ ভাগ কাঁচা ফুল যশোরে উৎপাদিত হয়। কিন্তু এই ফুল দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতে গিয়ে বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। তাছাড়া যশোর অঞ্চল সবজির জন্য বিখ্যাত। বক্তারা বলেন, ব্রিটিশ আমলে গদখালিতে একটি রেলস্টেশন ছিল, যা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই রেলস্টেশনটি চালু এবং ঢাকাগামী ট্রেনে ফুল ও সবজি পরিবহণের জন্য আলাদা বিশেষায়িত বগির দাবি করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights