যাত্রী ছাউনিতে সন্তান জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

নোয়াখালী প্রতিনিধি

রাস্তার পাশে যাত্রী ছাউনিতে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের এক মানসিক প্রতিবন্ধী নারী। শুক্রবার (১৯ জুন) বিকালে চরজব্বর থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা যাত্রী ছাউনি থেকে মা-ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী (৩০) ২-৩ বছর ধরে সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। অজ্ঞাত কোনো ব্যক্তি তার অসহায় অবস্থার সুযোগ নিয়েছে।

মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। মানসিক প্রতিবন্ধী ওই নারী নিজের ঠিকানা বা পরিচয় বলতে পারছেন না। স্থানীয় এক নারী নবজাতককে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসী শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিকালে যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights