যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে না নেয়া এবং পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার মধ্য ইরানের ইসফাহান প্রদেশে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র হোসেইন মহিবি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার বাধা বন্ধ করে সমঝোতা স্মারকে ফিরে এলে স্বাক্ষরিত কাঠামোর আওতায় হরমুজ প্রণালী পুনরায় খোলার সুযোগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কোনো অবস্থাতেই গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়া হবে না।

মহিবির দাবি, হরমুজ প্রণালী বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর জলসীমায় কোনো ‘শত্রু সামরিক জাহাজ’ নেই। সব শত্রু জাহাজ প্রণালী থেকে অন্তত ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তেহরানের স্পষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজকে এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।

আইআরজিসির এই মুখপাত্র আরও জানান, প্রায় এক মাস আগে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরু হয়। ওই আলোচনায় হরমুজ প্রণালীর জলসীমায় সংশ্লিষ্ট দেশগুলোর অংশ এবং জলপথ ব্যবহারের ট্রানজিট রাজস্ব নিয়ে একটি সমঝোতা হয়েছে। তবে ওয়াশিংটনের হস্তক্ষেপের কারণে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছিলেন, ইরান ও ওমান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সাত মাইল প্রশস্ত একটি অস্থায়ী ট্রানজিট রুটের বিষয়ে সম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এই ব্যবস্থা প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার অর্থ নয়। স্থায়ী ট্রানজিট রুট নির্ধারণে আরও আলোচনা প্রয়োজন।

গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের সঙ্গে শর্তযুক্ত।

জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে শত্রুতা বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় খোলা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া শুরুর বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

তেহরানের অভিযোগ, সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। ফলে ওয়াশিংটন প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে অবস্থান জানিয়েছে ইরান। সূত্র: আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights