যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হার্ট অ্যাটাক, বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশে ফেরার পথে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া চিকিৎসকের নাম ওমর ফারুক সাবের (৫৬)। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে।

আজ বুধবার ভোর রাতের দিকে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই চিকিৎসকের বন্ধু নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

তিনি বলেন, ১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে আমেরিকার বোস্টন শহরে তিনি একাধিক হাসপাতালে রোগী দেখতেন। গত ১০ ডিসেম্বর তিনি দেশে আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি গত ১৫ দিন কোমায় ছিলেন। বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা তার মরদেহ দেশে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights