যুক্তরাষ্ট্রের ‘ভুল পদক্ষেপে’ চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মোখবার সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, যেকোনো ধরনের ‘ভুল পদক্ষেপ’ বা ভুল হিসাবনিকাশ ওয়াশিংটনের জন্য ‘চূড়ান্ত শাস্তি’ বয়ে আনবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইরানের সাবেক এই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, তেহরান অত্যন্ত সতর্ক রয়েছে যাতে কোনো আলোচনা যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহৃত হতে না পারে কিংবা যুদ্ধ দীর্ঘায়িত করার হাতিয়ার না হয়। তার মতে, কূটনীতি কেবল তখনই কার্যকর হয় যখন তা শক্ত অবস্থান ও জাতীয় কর্তৃত্বের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
মোখবার আরও হুঁশিয়ারি দেন যে, ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক সমীকরণকেও চিরতরে বদলে দিতে পারে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তাদের মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ সফরের কথা রয়েছে। তবে ইরান এই আলোচনায় অংশ নেবে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার সন্ধ্যায় শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই মেয়াদের কোনো ধরনের সম্প্রসারণের সম্ভাবনা নেই বললেই চলে বলে মন্তব্য করেছেন তিনি।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে।
সূত্র: সিএনএন
