যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে সম্মত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং লেবানন সরকার। তবে আবারও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি হলেও লেবাননে অভিযান থামাবে না তার দেশ।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই লেবাননে তীব্র আক্রমণ শুরু করে মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লেবানন দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

সিএনএন জানায়, মার্কিন প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে।

মার্কিন প্রস্তাবে ইসরায়েলি বাহিনীকেও দক্ষিণ লেবানন থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছে। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ বৈরুতে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোচস্টাইন।

তবে গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু জানান, লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা হলেও অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, ‘কাগজে কী (প্রস্তাব) থাকবে, সেটা গুরুত্বপূর্ণ না। কাগজে (যুদ্ধবিরতি প্রস্তাব) সই করা হলেও আমাদের (ইসরায়েল) উত্তরে আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটা মানার নিশ্চয়তা দিতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights