যুদ্ধবিরতিতে পোপের সন্তোষ, আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার খবরকে গভীর ‘সন্তোষের’ সঙ্গে স্বাগত জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার ভ্যাটিকানে এক ভাষণে এই যুদ্ধবিরোধী ধর্মগুরু সংঘাতের এই সাময়িক বিরতিকে বিশ্বশান্তির পথে একটি নতুন ‘আশা’ হিসেবে অভিহিত করেন।
রয়টার্সের বরাতে জানা গেছে, পোপ লিও তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন যে, একমাত্র আলোচনার টেবিলে ফেরার মাধ্যমেই এই বিধ্বংসী যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। কূটনৈতিক আলোচনার এই অত্যন্ত সংবেদনশীল সময়ে তিনি বিশ্ববাসীকে প্রার্থনার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, সংলাপের এই পথ যেন বিশ্বের অন্যান্য সংঘাতময় পরিস্থিতির সমাধানের মাধ্যম হয়ে ওঠে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ইরানের জনগণের বিরুদ্ধে হুমকির কঠোর সমালোচনা করেছিলেন পোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানকে সতর্ক করে বলেছিলেন যে আজ রাতে একটি ‘পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’, তার কয়েক ঘণ্টা পরেই পোপ লিও ইরানিদের বিরুদ্ধে এমন হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।
বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় তিনি পক্ষগুলোকে অস্ত্র ছেড়ে আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার তাগিদ দিয়েছেন।
সূত্র: সিএনএন
