যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

লেভিট বলেন, গত রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তিনি এই আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।

লেবানন ভবিষ্যতে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

এদিকে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব।’

লেবাননে আজকের ব্যাপক ও প্রাণঘাতী ইসরায়েলি হামলা প্রসঙ্গে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমরা হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত হেনেছি, যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত।’

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ১৬৫ জন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সূত্র: বিবিসি ও আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights