যুদ্ধরত পক্ষগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান ইন্দোনেশিয়ার

অনলাইন ডেস্ক

লেবাননে ইন্দোনেশিয়ার শান্তিরক্ষী বাহিনীর তিনজন সদস্য নিহত হওয়ার পর দেশটি মধ্যপ্রাচ্যের যুদ্ধরত পক্ষগুলোকে ‘আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার’ আহ্বান জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত এক বিবৃতিতে বলেন, শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। সংঘাতের সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং শান্তিরক্ষী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানানো হচ্ছে।

ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিক ও চিকিৎসাকর্মী নিহত হওয়ার এক সপ্তাহের পরে দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় ইন্দোনেশিয়ার তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছেন।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) দক্ষিণ লেবাননের বানি হাইয়ানের কাছে একটি অজ্ঞাত উৎস থেকে হওয়া বিস্ফোরণে তাদের বহন করা গাড়িটি ধ্বংস হয়ে গেলে দুই শান্তিরক্ষী সদস্য নিহত হন। এই বিস্ফোরণে আরও দুই সেনা আহত হয়েছেন।

এর আগে রবিবার রাত থেকে সোমবার ভোরের দিকে দক্ষিণ লেবাননের আদচিত আল-কুসায়র গ্রামের কাছে দলটির একটি অবস্থানের কাছে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে আরও একজন ইন্দোনেশীয় সেনা নিহত হন। এ সময় আরেকজন শান্তিরক্ষী গুরুতর আহত হন।

গত ২ মার্চ ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া নতুন যুদ্ধে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে রবিবারের মৃত্যুটিই ছিল প্রথম ঘটনা।

ইউনিফিল-এর মুখপাত্র ক্যান্ডিস আরডিয়েল বলেন, এগুলো দুটি পৃথক ঘটনা এবং আমরা দুটি পৃথক ঘটনা হিসেবেই এগুলোর তদন্ত করছি।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শান্তিরক্ষী তাদের দেশের নাগরিক ছিলেন এবং আরেকটি হামলায় তিনজন আহত হয়েছেন। একই সঙ্গে দেশটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক এবং এই ‘জঘন্য হামলার’ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

সূত্র: গাল্ফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights