যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাময়িক যুদ্ধবিরতি নয়, চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুদ্ধবিরতির পর আবারও সংঘাত শুরু হওয়ার মতো পরিস্থিতি ইরান ভবিষ্যতে কোনোভাবেই চায় না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সরকারের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরাঘচির ভাষ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দূর করা এবং বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততার পাশাপাশি ‘প্রতিবেশী কূটনীতি’ এগিয়ে নেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।

সাম্প্রতিক অস্থিরতার সময়ে প্রতিবেশী দেশগুলো ইরানকে সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন আরাঘচি। তার দাবি, কয়েকটি দেশ ইরানকে খাদ্য ও ওষুধ সরবরাহ করেছে। পাশাপাশি বিভিন্ন দেশে আটকে পড়া ইরানিদের নিজ দেশে ফিরতে তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এবং ইরানের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব সহযোগিতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে।

চলমান সংঘাতের প্রসঙ্গে আরাঘচি বলেন, যুদ্ধের শুরুর দিকে ইরান যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিল। এখনো তেহরানের অবস্থান হলো শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, পুরো যুদ্ধের অবসান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই না; আমরা যুদ্ধের অবসান চাই।’

আরাঘচির মতে, এমন কোনো পরিস্থিতি ইরান চায় না, যেখানে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার পর কয়েক মাসের মধ্যে আবারও তা শুরু হয়। এ ধরনের ঘটনাকে ভবিষ্যৎ সংঘাতের নমুনা বা পুনরাবৃত্তির পথ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় না তেহরান।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights