যুদ্ধের আগে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়েছে রাশিয়া : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে।
বিবিসি ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ বা ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে।
তার মতে, ইরানের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‘পুতিনের অদৃশ্য হাত’ রয়েছে। ‘পুতিন পৃথিবীর অন্য সবখানে (ইউক্রেনে) যা যা করছে, তা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা সেটি আর হতে দেবো না।’
তিনি বলেছেন, এই যুদ্ধে ব্রিটেন ‘যুক্তরাজ্যের স্বার্থ, সামরিক স্থাপনা এবং মিত্রদের রক্ষার চেষ্টা করছিল’ এবং সেজন্য তার দেশের বিমান বাহিনী ওই অঞ্চলে এক হাজার ঘণ্টার বেশি সময় আকাশে টহল দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৭তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।
সূত্র : বিবিসি।
