যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পিস্তল বের করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবলীগের এক নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সিসিটিভির ভিডিওও প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার (২৬ নভেম্বর) রাতে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েকটি রাজনৈতিক মামলায় আসামি হয়ে পলাতক আছেন। এ সময় তিনি প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী সম্প্রতি সন্তান জন্ম দিলে বিষয়টি প্রথম স্ত্রীর জানা যায়। এরপর পলাতক স্বামীর অবস্থান জানতে বিভিন্ন স্থানে খোঁজ চালান লিজা আক্তার। একপর্যায়ে তিনি জানতে পারেন, যুবলীগ নেতা আবু কাউসারের দ্বিতীয় স্ত্রীর ভাই কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসিতে চাকরি করেন। ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই ফার্মেসিতে তাকে খুঁজতে যান লিজা আক্তার। সেখানে না পেয়ে তিনি ভ্যানিটি ব্যাগ থেকে একটি পিস্তল বের করে দোকানের কর্মচারীদের হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মিনহাজ ফার্মেসির মালিক কাউসার বলেন, তিনি আমার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। না পেয়ে পিস্তল বের করে আমাকে ও কর্মচারীদের গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।

এ নিয়ে অভিযুক্ত লিজা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, আমাকে ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেনিংয়ে আছি। ট্রেনিং শেষে ফিরে তদন্ত শুরু করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights