যে কারণে জোতার শেষকৃত্যে উপস্থিত হননি রোনালদো

স্পোর্টস ডেস্ক

স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ তারকা দিয়েগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার (৫ জুলাই)। পর্তুগালের পোর্তোর ম্যাট্রিজ দে গোন্দোমার চার্চে অনুষ্ঠিত এই শেষযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় দল এবং ক্লাব সতীর্থসহ অনেক পরিচিত মুখ। তবে অনুপস্থিত ছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

সকাল ১০টায় শুরু হওয়া শেষকৃত্য অনুষ্ঠানে লিভারপুলের কোচ আর্নে স্লট, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, জো গোমেজ, ডারউইন নুনেজসহ ক্লাব সতীর্থরা উপস্থিত ছিলেন। জোটার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের খেলোয়াড়রাও শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। জাতীয় দলের পক্ষ থেকে ব্রুনো ফার্নান্দেস, রুবেন দিয়াস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্সরাও উপস্থিত ছিলেন।

ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভস তো আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলেই দেশে ফিরে অংশ নেন শেষকৃত্যে এবং কফিন বহনের দায়িত্বও পালন করেন।

তবে সকলের চোখ ছিল পর্তুগালের সবচেয়ে বড় তারকা রোনালদো। তিনি কেন গেলেন না জোতার শেষযাত্রায়?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, রোনালদো অনেক ভেবেচিন্তেই শেষকৃত্যে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেন। গোন্দোমারের মতো ছোট শহরে তার উপস্থিতি পুরো অনুষ্ঠানকে ছাপিয়ে যেতে পারত। রোনালদোর ঘনিষ্ঠ একজন বলেন, ‘রোনালদো চাননি তার উপস্থিতিতে দৃষ্টি সরে যাক মূল বিষয় থেকে। সেই কারণে তিনি দূর থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন।’

জোতার মৃত্যুর পর আবেগঘন বার্তায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন রোনালদো। লিখেছিলেন, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সদ্য জাতীয় দলে একসঙ্গে ছিলাম, তুমি মাত্রই বিয়ে করেছো। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি জানি, তুমি তাদের হৃদয়ে চিরকাল থাকবে। শান্তিতে ঘুমাও দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমায় ভীষণ মিস করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights