যে কারণে মাঝ আকাশে দিল্লিগামী যাত্রীবাহী প্লেনকে ঘিরে ফেলল ইতালির যুদ্ধবিমান

আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী প্লেনকে হঠাৎই মাঝ আকাশে পথ ঘুরিয়ে অবতরণ করানো হয়েছে ইতালির রোমে।

জানা গেছে, বোমা হামলার হুমকি ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে যদিও জানা যায়, সেই হুমকি ছিল সম্পূর্ণ ভুয়া।

আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের প্লেন ‘বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার’। অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নিরপত্তাজনিত কিছু ইস্যু ঘিরে ওই প্লেনকে ইতালির রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়।

রবিবারের এই ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও জানা গেছে, যাত্রীদের নিয়ে ওই প্লেন সোমবারই পুনরায় দিল্লির উদ্দেশে রওনা হচ্ছে।

এদিকে, বহু সোশ্যাল মিডিয়া-ভিডিওতে দেখা গেছে, দিল্লিগামী ওই যাত্রীবাহী প্লেনের বাঁক রোমের দিকে ঘুরতেই ইতালির বিমান বাহিনীর যুদ্ধবিমান সেটিকে ঘিরে ফেলে। ওই যুদ্ধবিমানগুলো যাত্রীবাহী প্লেনকে ঘিরে নিয়ে নিরাপদে অবতরণ করায় রোমে। এরপরই রোমের আইনশৃঙ্খলা বিভাগ, আমেরিকান এয়ারলাইন্সের ওই প্লেনকে ভালোভাবে নীরিক্ষণ করে। সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয় প্লেনের ভিতর।

ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট ‘ফ্লাইট ইমার্জেন্সি’ জানিয়েছে, সম্ভাব্য বোমা হামলার হুমকির জেরে প্লেনের গতিপথ পাল্টানো হয়। ‘বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার’ ১৯৯ জন যাত্রীকে নিয়ে নিউ ইর্কের মাটি ছেড়ে দিল্লির দিকে রওনা হয়েছিল। তারপরই নিরাপত্তা ইস্যুতে মাঝ আকাশ থেকে প্লেনে গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। তবে বোমা হামলা হুমকি সম্পর্কে সেভাবে বিস্তারিত জানা যায়নি।

তবে জানা গেছে, প্লেনটি যখন ক্যাসপিয়ান সাগরের ওপর দিয়ে উড়ছিল, ঠিক তখনই এই প্লেনে বোমা হামলার হুমকি আসে মেইলে। তারপরই প্লেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। সূত্র: রয়টার্স, এপি, ফক্স৪নিউজ, সিবিএস নিউজ, এনবিসি নিউজ, ফক্সনিউজ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights