যে দুঃখ আড়াল করে খেলছেন ইয়ামাল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে যখন পুরো দুনিয়ার চোখ, যখন স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালের পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব, তখন গ্যালারিতে এক প্রিয় মুখের অনুপস্থিতি বারবারই চোখে পড়ছে। স্প্যানিশ এই বিস্ময় বালকের পাশে তার মা, ভাই কিংবা কাছের মানুষদের দেখা মিললেও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা মুনির নাসরাউইকে। কিন্তু কেন এই দূরে থাকা?

এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয়বিদারক কারণ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, মুনির নাসরাউই বর্তমানে লড়াই করছেন শারীরিক অসুস্থতার সঙ্গে। কাছের মানুষদের তথ্যমতে, তিনি মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত। এই দীর্ঘ যাত্রাপথ এবং বিশ্বকাপের উত্তেজনাকর সফর তার স্বাস্থ্যের জন্য মোটেও অনুকূল নয়, যা তাকে বাধ্য করেছে মাঠের বাইরের দর্শক হতে।

ইয়ামালের বাবা নিজে আক্ষেপ করে বলেছেন, সন্তানের এই সোনালি সময়ে পাশে থাকার জন্য তিনি তার সব ঐশ্বর্য বিলিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। এখন দূর থেকেই ছেলের জন্য প্রার্থনা আর ভালোবাসায় দিন কাটছে মুনির নাসরাউইয়ের, যেখানে ইয়ামালের সাফল্যের প্রতিটি মুহূর্তই হয়তো তার কাছে সবথেকে বড় সান্ত্বনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights