রংপুরে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনা-কাটা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে সব শ্রেণি পেশার মানুষের ভিড় ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিভিন্ন মার্কেট ও মেগামলে কেনা বেচা। উচ্চ বিত্ত, মধ্য বিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যার যার সাধ্যমতো নতুন পোশাক ও পাদুকা কেনাকাটা করছেন। ফলে জমজমাটভাবে চলছে ঈদ বাজার। বড় বড় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটায় মানুষের পদচারণায় মুখর।

ফুটপাতের দোকানগুলোতে সাধারণত রিকশাচালক, দিন মজুরসহ বিভিন্ন পেশার মানুষের ভিড়ই বেশি। শহরের সালেক মার্কেট, স্টেশন মার্কেট, জামাল মার্কেট, হনুমানতলা মার্কেটগুলোতে মধ্যবিত্ত আয়ের মানুষের সংখ্যাই বেশি। জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার বিপণী বিতান, রজনীগন্ধা, শাহ আমানত, কারুপণ্য, সিটি প্লাজা, মতি প্লাজাসহ বড় বড় বিপণী বিতানগুলোতে উচ্চ আয়ের মানুষ কাপড় কেনাকাটার জন্য ভিড় করছে।

এছাড়া নগরীতে রয়েছে বড় বড় কয়েকটি মেগামল। এসব মেগামলেও ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য কারা গেছে। বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা গেছে শিশুদের পোশাকের চাহিদা সব চেয়ে বেশি। নগরীতে যানজট ছিল স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। শাড়ির মধ্যে জয়পুরি, কাঞ্জিবরণ, বেনারসি, হাফসিল্ক, জামদানি, খাদি, মাসরাইজ বেশি বিক্রি হচ্ছে।
এসব বিপণী বিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে ঈদ প্রত্যাশী মানুষ। যার যার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক ক্রয় করছে। বড় বড় বিপণী বিতানগুলোতে বাছাই করা কাপড় শো-রুমে শোভা পাচ্ছে। সামর্থ্যবানরা সব চেয়ে সুন্দর ডিজাইনের জামা-কাপড় ক্রয় করার চেষ্টা করছে তাদের প্রিয়জনের জন্য। এদিকে জুতা- স্যান্ডেলের দোকালগুলোতে ভিড় ছিল সমানতালে।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন জানান, করোনার কারণে কয়েক বছর ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেনি। এবার ভালো ব্যবসা হবে বলে আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights