রংপুরে চার খুন: দুই আসামির ডিএনএ পরীক্ষা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএসহ বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়েছে ঢাকার সিআইডি ল্যাবে। সোমবার সকালে তাদের এসব পরীক্ষা করা হয়।

এর আগে রবিবার রাতে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে ঢাকায় নেওয়া হয়। পরীক্ষা শেষে সোমবার সকালে পুলিশ তাদের নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য মুগ্ধ ও সিদ্ধার্থকে ঢাকায় নেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ৩৫টি আলামত তিন দফায় ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এসব আলামতের মধ্যে ফল কাটার চাকু, সিগারেটের অংশ, খেজুর, শসা ও প্রিয়ম চক্রবর্তীর লেখা একটি খাতাও রয়েছে। গুরুত্ব অনুযায়ী কয়েক দিন আগে তিন ধাপে এসব আলামত ঢাকায় পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights