রংপুরে যাত্রী সেজে ভ্যান ছিনতাই, আটক ১
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় যাত্রী সেজে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনিয়ে নেয়ার ঘটনায় এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত ভ্যানচালক মোকছেদুল হক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গণপিটুনীর শিকার ছিনতাইকারী গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভ্যান চালকের মাথার খুলি ভেঙ্গে যাওয়ায় তার অবস্থা গুরুতর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বড়বিল ইউনিয়নের গোলাম মোস্তফা’র ছেলে মোকছেদুল হক (৪২) ব্যাটারী চালিত ভ্যানে করে যাত্রী নিয়ে ইউনিয়নের পানাপুকুরের দিকে যাচ্ছিল। তারা নির্জন জায়গায় এলে ভ্যানে থাকা যাত্রী বেশে থাকা ছিনতাইকারী (৪০) হাতুরী দিয়ে সজোরে মোকছেদুলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোকছেদুল অজ্ঞান হয়ে পড়েন। ছিনতাইকারী ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বড়বিল ইউনিয়নের ঠাকুরাদহ বাজার এলাকায় তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে অজ্ঞান অবস্থায় গঙ্গাচড়া সদর ইউনিয়নের মাঠেরপাড় এলাকায় পড়ে থাকা ভ্যান চালক মোকছেদুলকে উদ্ধার করে এলাকাবাসী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, ভ্যান চালক ও ছিনতাইকারী দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দু’জনই অচেতন অবস্থায় রয়েছেন। ছিনতাইকারীর নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
