রবিবার খুলছে স্কুল-কলেজ, মাউশির প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
তাপপ্রবাহের মধ্যে আগামী ২৮ এপ্রিল (রবিবার) থেকে খুলছে দেশের সব স্কুল ও কলেজ।

আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় দাবদাহের কারণে গত ২০ এপ্রিল ২০২৪ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো-
১) আগামী রবিবার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।

২) দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

৩) শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে।

৪) দাবদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ কারণে আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights