রাইসকে নিয়ে অনিশ্চয়তায় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেকলাইন রাইসের ফিটনেস। অসুস্থতা থেকে পুরোপুরি সেরে না ওঠায় গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডার শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগ পর্যন্ত রাইসের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ টমাস টুখেল।
নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে অসুস্থ বোধ করেন রাইস। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেন টুখেল। যদিও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।
টুখেল জানিয়েছিলেন, নরওয়ে ম্যাচের আগে টানা তিন দিন অসুস্থতার কারণে বিছানায় ছিলেন রাইস। ধারণা করা হচ্ছে, মেক্সিকো সফরের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে গত ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনাও বেড়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের চিকিৎসকদের প্রতিবেদনের ভিত্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, রাইস খেলার মতো অবস্থায় আছেন কি না, সেটি নিশ্চিত হওয়ার পরই তাকে মাঠে নামানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন টুখেল।
চলতি বিশ্বকাপে পানামার বিপক্ষে ম্যাচ ছাড়া ইংল্যান্ডের বাকি সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রাইস। জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচ খেলা এই মিডফিল্ডারের অনুপস্থিতি আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হতে পারে।
