রাকসু নির্বাচন : প্রথম দিন ডোপ টেস্টের নমুনা দিলেন ৮৭ জন

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫–এর প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৮৭ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট চার দিনে সব হল সংসদ, দুই দিনে রাকসু ও সিনেট নির্বাচনে পদপ্রার্থীদের নমুনা সংগ্রহ করা হবে। এর মধ্যে রাকসু ও সিনেট ছাত্র প্রার্থীদের আজ বৃহস্পতিবার এবং আগামী শনিবার রাকসু ও সিনেট ছাত্রী প্রার্থীসহ রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমাতুন্নেসা ও জুলাই-৩৬ হলের প্রার্থীদের নমুনা নেওয়া হবে। এ ছাড়া আগামী রোববার শেরেবাংলা এ কে ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা ও শহীদ হবিবুর রহমান হল সংসদের প্রার্থীদের নমুনা নেওয়া হবে। আগামী সোমবার মতিহার, মাদার বখ্শ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান ও বিজয়-২৪ হলের প্রার্থীদের নমুনা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডোপ টেস্টের যাবতীয় খরচ বহন করছে নির্বাচন কমিশন। এর প্রতিবেদন সংগ্রহের পর মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডোপ টেস্টের নমুনা দিতে পারবেন। স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মুঠোফোন নম্বর লিখে দিতে হবে। প্রার্থীকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের প্রতিবেদন সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights