রাকসুর সব কার্যক্রম প্রচার বয়কট করলো সাংবাদিকদের ৩ সংগঠন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পাস সাংবাদিকেরা। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা না চাইলে সংগঠনটির সকল কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রচার না করার সিদ্ধান্ত নেন তারা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন এ সিদ্ধান্ত নেয়।

তিনটি সংগঠন হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার জ্ঞান চর্চা ও গবেষণার প্রাণকেন্দ্র। প্রক্টর দফতরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভবনে হামলা ও পরবর্তীতে রাকসু ও শাখা শিবিরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গ্রন্থাগারে ঢুকে হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নিন্দনীয়ভাবে বিঘ্নিত করে। এই ঘটনায় রাকসু আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাকসু ভিপি সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রমাণ ছাড়াই সাংবাদিকদের নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষপাত করার অভিযোগ করেন।

তার বক্তব্যে তিনি ‘ছাত্রলীগের পক্ষে মায়াকান্না’, ‘মাথা ব্যাথা’সহ একাধিক ট্যাগিং দেন ও ‘জড়ো করে ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেন। এছাড়া ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের ‘কটাক্ষ’ করে সামাজিক যোগযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ রাকসু নেতারা।

সংবাদ সম্মেলন ডেকে রাকসু ভিপির এমন বক্তব্য সাংবাদিকদের জন্য চরম অপমানজনক। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে তিনি এ বিষয়ে প্রতিবাদলিপি দিতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের জেরে নির্বাচিত ছাত্র প্রতিনিধি কর্তৃক সাংবাদিকদের ট্যাগিং ও হুমকি প্রদান বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে।

রাকসুর ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত সাংবাদিকদের তিন সংগঠনের সকল পর্যায়ের সদস্যরা রাকসুর সব কর্মসূচির সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এর আগে, ২৭ জুলাই রাকসু ভবনে হামলার পর লাইব্রেরিতে ঢুকে হামলাকারীদের উপর আক্রমণ করেন রাকসু ও শিবির নেতারা। ২৮ জুলাই রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাকসু ভিপি মোস্তাকুর জাহিদ সাংবাদিকদের সংবাদ প্রচারে একপাক্ষিকতার অভিযোগ তোলেন এবং অনেক সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার করেছেন দাবি করে সেসব সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights