রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর, অভিযুক্ত আটক
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় অভিযুক্ত স্বপন চাকমাকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত শিশু রূপম চাকমা (১২) কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষচা চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে রূপম চাকমা প্রতিবেশী আশেনি চাকমার বাড়ির কাছ থেকে পানি আনতে যায়। সেখানে আগে থেকে লুকিয়ে ছিল আশেনি চাকমার ভাগিনা অভিযুক্ত স্বপন চাকমা। পূর্ব শত্রুতার জের ধরে শিশুটির মুখ চেপে ঘরে ভেতর টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়।
পরে একটি ধারালো ছুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে শিশুটির শরীরে। ছুরিকাঘাতের পরও শিশুটি উঠে দৌড় দিতে চাইলে তাকে গলা কেটে হত্যা করে স্বপন চাকমা। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির।
অন্যদিকে, রূপম পানি নিয়ে বাড়ি ফিরে না আসায় বাবা লক্ষ্মী চাকমা খোঁজ নিতে বের হয়। পরে প্রতিবেশীর বাড়িতে নিজের সন্তানের রক্তমাখা মরদেহ দেখতে পায় সে। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেয়।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
