রাজধানীর ফুটপাতে সিমেন্টের ব্যাগে যমজ নবজাতকের মরদেহ
অনলাইন ডেস্ক
নবজাতক দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে
রাজধানীর শাহবাগের আনন্দবাজার এলাকার ফুটপাত থেকে যমজ ছেলে নবজাতকদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি সিমেন্টের ব্যাগের ভেতর থেকে অচেতন অবস্থায় আনুমানিক একদিন বয়সী দুই নবজাতককে উদ্ধার করি। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
‘কারা নবজাতক দুটিকে ফেলে রেখে গেছে, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে। নবজাতক দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
