রাজনীতি থেকে রক্ষা পেয়েছি, এ বিপদ থেকেও রক্ষা পাব : জয়া

অনলাইন ডেস্ক

এই মুহূর্তে দেশে বন্যাকবলিত ১১টি জেলায় পানিবন্দী হয়ে আছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার। বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। এছাড়া বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এই ভয়াবহ পরিস্থিতিতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া আহসান সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টে জয়া লিখেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।’
শেষে জয়া বলেন, ‘প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights