রাজবাড়ীতে কলেজছাত্র তানভীর হত্যা মামলার আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী মো. তানভীর শেখ (১৯) হত্যা মামলায় জাহিদুল ইসলাম সিজান (২১) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১১টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিসান রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে।
সোমবার সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের নিজ বাসার উত্তর পাশে সাহাবুদ্দিনের মুদি দোকান থেকে ফেরার পথে খুন হন তানভীর। এ ঘটনায় তানভীরের মামা মো. আলম শেখ বাদি হয়ে নয়জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার দুই নম্বর আসামি ছিলেন জিসান।
তিনি আরও জানান, রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে জিসানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তানভীরকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ও ধারালো অস্ত্র জব্দ করা হয়। জিসান বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, তানভীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কাজল (২১) ও রহিম শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ
