রাজবাড়ীতে চালু হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন বাংলাদেশ প্রতিদিনের খবরে

রাজবাড়ী প্রতিনিধি

‘জলাতঙ্কের টিকা নেই রাজবাড়ী সদর হাসপাতালে, ভোগান্তি চরমে’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে খবর প্রকাশের পর এবার ভ্যাকসিন আনা হয়েছে। রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ. জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ১ হাজার জলাতঙ্কের ভ্যাকসিন আনা হয়েছে। রাজবাড়ী জেলা সদর হাসপাতালে শনিবার থেকে শুরু হবে বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই কার্যক্রম শুরু হবে রবিবার সকাল থেকে।

আজ শুক্রবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান জানান, রাজবাড়ী জেলা প্রশাসক বুধবার হাসপাতাল পরিদর্শনে আসছিলেন। এসে জানতে পারেন জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বিনামূল্যে পাচ্ছেন না রোগীরা। পরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে এক হাজার ভ্যাকসিন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার থেকে টিকাগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।
সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ীর চারটি উপজেলার জন্য পাঁচশত ভ্যাকসিন পেয়েছি। আগামী রবিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলমা মিঞা বলেন, সেদিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানতে পেরেছি বিনামূল্যে সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ রয়েছে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে এক হাজার ভ্যাকসিন রাজবাড়ীর জন্য আনা হয়েছে। বরাদ্দকৃত ভ্যাকসিনগুলো ৪ হাজার মানুষকে দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights