রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে শিশু ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে নগরীর মতিহার থানার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে থেকে দেব চন্দ্র দাস (২২) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার দুপুরে সাত বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় দেব।

র‌্যাব জানায়, চারঘাট উপজেলার হঠাৎপাড়া গ্রামে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী যুবক দেব চন্দ্র দাসের বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে বুধবার দুপুরে তার মা তাকে গোসল করানোর জন্য খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে তিনি প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে জানায়, বাড়িতে কেউ না থাকার সুবাদে দেব তাকে কেক খাওয়ানোর কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। শিশুটির মায়ের উপস্থিতি টের পেয়ে দেব বাড়ি থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাট থানায় মামলার পর পুলিশ ছায়া তদন্তে নামে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights