রাজশাহীতে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকা থেকে ছয়জন উদ্ধার হলেও বাবা-ছেলে এখনও নিখোঁজ আছে। তাদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে জেগে উঠা চরে খর কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি নৌকায় তারা ফিরছিলেন। সেই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে আসলে হঠাৎ স্রোতে ডুবে যায়। এসময় সাঁতার দিয়ে ছয়জন কিনারায় উঠেন। তবে কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন। তবে নদীতে স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
