রাজাকার বলে স্লোগান দিলে আর ছাড় নয় : রাবি ছাত্রলীগ সভাপতি

রাবি প্রতিনিধি

রাজাকার বলে কেউ স্লোগান দিলে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে কোটা আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

সোমবার বিকেলে মহান স্বাধীনতাকে কটাক্ষ করা, রাজাকারের পক্ষে সাফাই গাওয়া ও আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

মোস্তাফিজুর রহমান বাবু বলেন, শুরু থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সর্বোচ্চ ধৈর্য্য ও ভদ্রতা দেখিয়েছে। তবে আর একটি জামায়াত-শিবির বা রাজাকারের প্রেতাত্মা যদি রাজাকার বলে কোনো স্লোগান দেয়, তাহলে রাবি শাখা ছাত্রলীগ আর কোনো ছাড় দেবে না।
তিনি আরো বলেন, রাবি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সবসময় কাজ করে যাব। আমি প্রত্যেকটা হলের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি, এখন থেকে সবাই সবার অবস্থান থেকে নিজেরা ঐক্যবদ্ধভাবে থাকবেন যেন, জামায়াত-শিবিরের প্রেতাত্মারা আর একটি সাউন্ডও না করতে পারে।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, যে রাজাকারের শাবকরা রবিবার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে নিজেদের রাজাকার দাবি করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। রাবি ছাত্রলীগ শেখ হাসিনার পক্ষে ছিল, শেখ হাসিনার পক্ষে থাকবে, ইনশাআল্লাহ। কাল যখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে নিজেদের রাজাকার দাবি করিয়েছে, তখনো কিছু শিক্ষার্থী আমাদের সঙ্গে বসে খেলা দেখেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চায়, এই মতিহারের সবুজ চত্বরে রাজাকারের পক্ষে আর কোনো স্লোগান হবে না। আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষেই থাকবো।

সংক্ষিপ্ত সমাবেশে সাংগঠনিক সম্পাদক কাইয়ূম মিয়াসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights