‘রাজু বাহাদুরের’ চিকিৎসায় থাই বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে এক বছর আগে উদ্ধার করে আনা হাতি ‘রাজু বাহাদুর’ বাঁচা-মরার সন্ধিক্ষণে। সম্প্রতি হাতিশালায় অন্য একটি হাতির আক্রমণে দুই পা ভেঙে যায় তার। হাতিটির অবস্থা এখন সংকটাপন্ন।

রাজু বাহাদুর আহত হওয়ার পর থেকেই উন্নত চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসক দল নিরলস চেষ্টা চালাচ্ছে তাকে সুস্থ করে তুলতে। তবে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় হাতিটির বাঁচা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুয়ে শুয়ে খাবার গ্রহণ করছে রাজু বাহাদুর, নিয়মিত চলছে চিকিৎসা কার্যক্রমও।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান সংবাদমাধ্যমকে বলেন, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে। প্রাণীটিকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখনো এটি দাঁড়াতে পারছে না।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিটি অন্য এক হাতির ধাক্কায় মাটিতে পড়ে যায়। পরে এক্স-রে পরীক্ষায় হাতিটির পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ঘটনার কয়েক দিন পর ক্রেনের সাহায্যে হাতিটিকে বালুর ওপর স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যার মাধ্যমে এর চিকিৎসা চলছে।

গাজীপুর সাফারি পার্কের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিনই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি চলে গেলেও তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা অব্যাহত রয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট হাতিটি জব্দ করে। আতিকুর রহমান নামক এক ব্যক্তি ওই এলাকায় হাতিটির মাধ্যমে চাঁদাবাজি করছিলেন। সে সময় হাতিটির বয়স ছিল ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কের হাতিশালায় নির্দিষ্ট একটি স্থানে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights