রানওয়ের লাইটে ত্রুটি, ১৫ মিনিট বন্ধ ছিল শাহজালাল বিমানবন্দর

অনলাইন ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য রানওয়ের একটি লাইন লাইটে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম। শনিবার (৪ এপ্রিল) রাতে প্রায় ১৫ মিনিট এই কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছে বেবিচক।

বিমানবন্দর সূত্র জানায়, একটি ফ্লাইট অবতরণের পর পাইলট রানওয়ের মাঝখানে থাকা সাদা রঙের লাইন লাইট নির্ধারিত স্থান থেকে সরে গিয়ে ভেঙে বেরিয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হলে আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়।

এই সময় আকাশে থাকা কলকাতা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটকে চক্কর দিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ঢাকা থেকে দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইটসহ আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে সাময়িক প্রভাব পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ত্রুটি মেরামত করে রাত ৮টা ৬ মিনিটের পর পুনরায় ফ্লাইট ওঠানামা শুরু করে। সংশ্লিষ্টরা জানান, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রানওয়ে পরীক্ষা শেষে স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights