রানির মুকুটে ‘সম্মানের’ নতুন পালক

অভিনয়জীবনের প্রায় তিন দশকের পথচলায় একের পর এক সাফল্য অর্জন করেছেন রানি মুখার্জি। এবার সেই মুকুটে যুক্ত হলো আরও একটি মর্যাদার পালক। অভিনয় ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের বিশেষ অনুষ্ঠানে রানি মুখার্জির হাতে সম্মানসূচক ডক্টরেটের সনদ তুলে দেওয়া হয়। এই স্বীকৃতিতে আবেগাপ্লুত রানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।

সম্মাননা গ্রহণের পর রানি বলেন, এই স্বীকৃতি শুধু একজন ভারতীয় অভিনেত্রীর জন্য নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের জন্যও সম্মানের। অভিনয়জীবনের শুরুর দিকে কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছাড়াই নিজের কাজকে ভালোভাবে করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

অভিনেত্রীর মতে, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়; মানুষের জীবন, অনুভূতি ও সংস্কৃতিকে বোঝারও শক্তিশালী একটি মাধ্যম। সিনেমার ভাষা ব্যবহার করে ভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের কাছেও পৌঁছানো সম্ভব। আর এভাবেই চলচ্চিত্র বিভিন্ন মানুষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে পারে।

নিজের অভিনীত নারীকেন্দ্রিক চরিত্রগুলোর কথাও অনুষ্ঠানে তুলে ধরেন রানি। তার অভিনয় করা বিভিন্ন চরিত্র ভিন্ন দেশ ও সংস্কৃতির দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়াকে তিনি বিশেষ অর্জন হিসেবে দেখছেন।

প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন রানি মুখার্জি। ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর মতো সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

অভিনয়ের পাশাপাশি নারী ও শিশুদের নানা সামাজিক ইস্যু নিয়েও কাজ করেছেন রানি। এবার সম্মানসূচক ডক্টরেট পাওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ অভিনয়যাত্রা ও সামাজিক অবদানের স্বীকৃতিতে যোগ হলো নতুন মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights