রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অগ্নিসংযোগ এবং দুই শতাধিক আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ।

রবিবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি আগামী ১৮ মার্চ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ও কবির হাসান, গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অগ্নিসংযোগ এবং দুই শতাধিক আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

তারা বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। হত্যা, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। চারদিকে আগুন জ্বলছে। সেই আগুন ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়েও। স্থানীয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ব্যর্থতা এবং অবহেলার কারণে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রসহ দুই শতাধিক আহত হয়েছেন। আগুনে পুড়ে ছাই হয়েছে পুরো একটা এলাকার দোকানপাট। ব্যহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

এই সরকারের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, অর্থনীতি নিরাপদ নয়, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়, মানুষের জানমাল নিরাপদ নয়। অবৈধ ফ্যাসিবাদী সরকার দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এই অবৈধ ভোট ডাকাত, অত্যাচারী সরকারকে পদত্যাগে বাধ্য করে অন্তর্বর্তীকালীন সরকার অধিনে নির্বাচন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে দেশ এবং দেশের জনগণকে এই ভয়াল পরিস্থিতি থেকে মুক্ত করতে হবে।

সভা থেকে আগামী ১৮ মার্চ সকাল ১১টায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তিস্তার পানি প্রত্যাহার বন্ধে সরকারের ব্যর্থতা দাবি করে এর প্রতিবাদ ও গণতন্ত্র মঞ্চের ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights